শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:১৭
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হয় জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসে। সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী শাহবাগ মোড়ে রাস্তার ওপর বসে পড়ে।
অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে জাতীয় প্রেস ক্লাব, কাঁটাবন ও ফার্মগেইগামী সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ এসে আশ্বস্ত করবে না, ততোক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জড়ো হওয়া শিক্ষার্থীরা।
এ সময় তারা স্লোগানে স্লোগানে বলেন, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই।’
কুমিল্লার ঘটনার জের ধরে গত কয়েক দিনে দেশের কয়েকটি জায়গায় পূজামণ্ডপ, মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সব হামলার ঘটনায় ২৮টি মামলায় অজ্ঞাতসহ ৯ হাজার ৫২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় এ পর্যন্ত ২২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াত-বিএনপির কয়েকজন নেতাও আছেন।

