দক্ষিণ কোরিয়া সফরে সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৩০
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল ন্যাম ইয়ং শিনের আমন্ত্রণে সিউলে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন ২০২১ এ অংশগ্রহণ করবেন সেনাপ্রধান।
রবিবার (১৭ অক্টোবর) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার (১৮ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী যোগাযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সফরকালে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফ অব স্টাফ, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণের সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান।
সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বি পাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। সফর শেষে আগামী ২৩ অক্টোবর সেনাবাহিনী প্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।

