একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭২
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৫০
চলতি বছর শুরুর ছয় মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭০ জন। এ বছরের জুলাইয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। ওই মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন ও মারা যায় ১২ জন। আগস্টে ডেঙ্গু রোগী ছিল ৭ হাজার ৬৯৮ জন, মারা যায় ৩৪ জন। সেপ্টেম্বরে রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৮৪১ জন, মৃত্যু হয় ২৩ জনের। চলতি মাসে ৩ হাজার ৩৭৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আর এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন।
দেশে গতকাল সোমবার (১৮ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫৭৪ জনে। এর মধ্যে মারা গেছে ৮৩ জন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৩০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০ হাজার ৬৭৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮১৫ জন। এদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৩০ ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, ডেঙ্গু উপসর্গ নিয়ে চলতি বছর ৮৩ জনের মৃত্যু হয়েছে।
ইউডি/আব্দুল্লাহ

