ছবিটি আসলে কিসের?
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১২:৫৮
সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে সাধারণত নিজেদের খবরের লিঙ্ক শেয়ার করে গণমাধ্যমগুলো। কিন্তু গত শনিবার এই অদ্ভূত ছবিটি নিজেদের টুইটার পেজে শেয়ার করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। আর অনুসারীদের কাছে প্রশ্ন রেখেছে, ‘আপনি কি জানেন এই সৃষ্টির নাম কী?’
প্রাথমিকভাবে ছবিটি দেখে অনেকেই জোড়া সাপের মাথা বলেই মনে করবেন। কিন্তু টুইটে একটি ক্লুও দিয়ে দেয় পোর্টালটি। সেই ক্লুতে বলা হয়- ‘এটি আসলে সাপ নয়!’ সাপ নয়, কিন্তু অবিকল সাপের মতো দেখতে। ভ্যাবাচেকা খাওয়ার মতো দশা। তবে কি এটি একটি ফুল? এক্ষেত্রে বলে রাখা উচিত, এটি আসলে ফুলও নয়। তবে এটি কী?
ভারতীয় গণমাধ্যমটি টুইট এর শেষ লাইনটিতে লিখেছিল- ‘সন্ধ্যা ছয়টার মধ্যে এই ধাঁধার উত্তর দেয়া হবে।’ তবে তার আগেই কমেন্টে অনেকে সঠিক উত্তরটি দিয়ে দেন বলেই মনে হলো। অন্তত গুগল ঘেঁটে এর সত্যতা মিললো। জানা গেল, এটি আসলে একটি প্রজাপতি! শুধু প্রজাপতি বললেও ভুল হবে। এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতিগুলোর মধ্যে অন্যতম প্রজাতি।
টুইটটির কমেন্ট বক্সে এ নিয়ে মালতি চন্দ্রশেখর নামে একজন উত্তর দিয়েছিলেন, ‘প্রথম দেখায় আমি এটিকে সাপ ভেবেছি। তারপর ভাবলাম এটি হয়তো কোনো বিচিত্র ফুল কিংবা উদ্ভিদ। কিন্তু ভালো করে দেখে বুঝতে পারলাম এটি আসলে একটি প্রজাপতি!’
কৃষ্ণকুমার পজুভাল নামে একজনের কমেন্ট থেকে জানা গেল, পৃথিবীর অন্যতম বৃহৎ এই প্রজাপতিটির নাম অ্যাটাকাস অ্যাটলাস। অনেকে আবার এটিকে ‘স্ন্যাক মাউথ’ বাটারফ্লাই বলেও ডাকেন। শত্রুদের চোখে ধুলা দিতেই এর পাখনাগুলো দেখতে এমন সাপের মতো। আরও সহজ করে বললে, নিজের ডিমগুলোকে এই বিশেষ রূপের সাহায্যেই সুরক্ষা দেয় ‘স্ন্যাক মাউথ’ বাটারফ্লাই।
ইউডি/আব্দুল্লাহ

