ডেচকিতে চড়ে বন্যা ঠেলে মন্দিরে বর-কনে

ডেচকিতে চড়ে বন্যা ঠেলে মন্দিরে বর-কনে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:০০

প্রবল বর্ষণে বন্যায় ভাসছে রাস্তা, তার মধ্যেই রান্নার ডেচকিতে চড়ে বিয়ে করতে মন্দিরে গিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের কেরালার এক যুগল।

বিবিসি লিখেছে, সোশাল মিডিয়ায় ভেসে বেড়ানো তাদের ওই ছবি একটু হলেও আনন্দ দিয়েছে ভারি বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত এ রাজ্যের অনেককে।

গত কয়েকদিনের টানা বর্ষণে নদনদীর পানি বেড়ে কেরালায় তলিয়ে গেছে সেতুসহ বহু রাস্তঘাট। জলাবদ্ধতার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজ্যের অনেক গ্রাম এবং শহর।

কিন্তু সেজন্য সোমবার বিয়ের শুভলগ্নটি পেছাতে চাননি থালাভাদি গ্রামের আকাশ আর ঐশ্বরিয়া; চেঙ্গাননুরের একটি হাসপাতালে তারা দুজনেই স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন।

গ্রামের যে মন্দিরে তারা শুভকর্ম সেরেছেন, সেটাও ছিল আংশিক জলমগ্ন। আর মন্দিরে পৌঁছানোর রাস্তায় কোমর পানি।

বর আকাশ পিটিআইকে বলেছেন, কদিন আগেই তারা বিয়ের দিনক্ষণ ঠিক করেছিলেন। লগ্ন পিছিয়ে দিলে কাজের চাপে আবার কবে বিয়ের সুযোগ পেতেন তার কোনো নিশ্চয়তা ছিল না।

আর বন্যার মধ্যে বিয়ের যাত্রায় এত কম সময়ে রান্নার হাঁড়ি ছাড়া আর কোনো বাহন যোগাড় করাও তাদের পক্ষে সম্ভব হয়নি।

বিয়ের কনে ঐশ্বরিয়া স্থানীয় টেলিভিশন চ্যানেল এশিয়ানেটকে বলেন, “আমাদের বিয়ের আয়োজন এরকম একটা অবস্থায় পড়বে, আমরা সেটা কল্পনাও করতে পারিনি।”

সদ্য বিবাহিত এই দম্পতি জানিয়েছেন, তারা কেবল পরিবারের অল্প কিছু স্বজনদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

তবে সোশাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে পড়ার পর মনে হয়েছে, বিশেষ এই দিনটিকে তারা অনেকের সঙ্গেই ভাগ করে নিতে পেরেছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading