এনইউএসডিএফ’র বর্ষপূর্তি উদযাপন

এনইউএসডিএফ’র বর্ষপূর্তি উদযাপন

উত্তরদক্ষিণ। বুধবার, ২০ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার নিয়ে কাজ করা সংগঠন ‘ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম’র ১ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর পান্থপথের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি সংলগ্ন বিজয় মিলনায়তনে বর্ষপূর্তির এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ ছাড়া একই মঞ্চে সংগঠনটির একটি ওয়েবসাইটেরও উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটির আশরাফুল ইনসান ইভান, স্টার সিনেপ্লেক্সের এইচআর ও অ‌্যাডমিন হেড লায়লা নাজনীন, ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এক্সসিলেন্স বাংলাদেশের কর্ণধার বেনজির আবরার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডেপুটি একাডেমিক ডিরেক্টর জিসানুর রহমান, রাইজিংবিডি ডটকমের ক্যাম্পাস ও পজিটিভ বাংলাদেশ পাতার সম্পাদক হাকিম মাহি, ইংলিশ ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ইলিয়াস হোসাইন।

এ ছাড়াও ছিলেন দেশের করপোরেট জগতের কয়েকজন সফল ব্যক্তিত্ব এবং দেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী।

সংগঠনের প্রেসিডেন্ট রিয়াজ হোসাইন বলেন, ‘শুরুটা যতটা চ্যালেঞ্জিং ছিল এখন তার তুলনায় আরও বেশি সহযোগিতা পাচ্ছি। আমাদের সঙ্গে এখন সারা দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কাজ করছেন। দেশের করপোরেট সেক্টরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি আমরা। সবার সহযোগিতা থাকলে আমাদের লক্ষ্য অর্জনে সফল হবো।’

বেনজির আবরার বলেন, ‘এনইউএসডিএফ এমন একটি প্ল্যাটফর্ম, যে সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের এক ছাতার নিচে আসার জায়গা করে দিয়েছে। সংগঠনটি শিক্ষা বিষয়ক পরামর্শ দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে হাজারো শিক্ষার্থীর চেয়ে এগিয়ে থাকতে হাতেকলমে প্রশিক্ষণ দেয়।’

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক বিপুল কুমার সরকার বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে লজ্জার কিছু নেই। সফল হওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান কখনো বাধা নয়। বাধা হচ্ছে ইচ্ছে। আপনি ইচ্ছা করলে স্কিল ডেভেলপ করে অভাবনীয় সাফল্য অর্জন করতে পারেন, আবার নাও পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বেশি উদ্যমী হয়ে লেখাপড়া করতে হবে, সাথে নিজেকে যোগ্যও করতে হবে।’

লায়লা নাজনীন বলেন, ‘তারুণ্য নির্ভর প্রতিষ্ঠান এনইউএসডিএফের সাফল্য চোখে পড়ার মতো। তারা সবচেয়ে যেই ভালো কাজটি করছে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে প্রশিক্ষিত তরুণ তৈরি করছে। এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।’

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইনসান ইভান বলেন, ‘শটকার্ট সফলতার পথ হচ্ছে কাজ অনুযায়ী স্কিল ডেভেলপ করা। সেক্ষেত্রে আইটি বিষয়ক জ্ঞান আপনাকে এগিয়ে রাখবে। একটা স্মার্ট ফোন ও একটি ল্যাপটপ থাকলে ঘরে বসে মাসে দুই-আড়াই লাখ টাকা আয় করতে পারেন, যার উদাহরণ আমি নিজে দেখেছি। স্কিল ডেভেলপমেন্টের বিকল্প নেই।’

বর্ষপূর্তি অনুষ্ঠানে গোল্ড স্পন্সর হিসেবে ছিল ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল অনলাইন শপিং মার্কেটপ্লেস ওয়াদিডমকম, দ্য হেলেন্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (NIST), মেডিস্টোর, এক্সসিলেন্স বাংলাদেশ, এক্সসিলেন্স বাংলাদেশ ডিজিটাল এবং ফটোগ্রাফি পার্টনার ওয়েডিং গ্রাফি।

উল্লেখ্য, শিক্ষা পরবর্তী প্রতিযোগিতামূলক কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে সার্বিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম। করোনা মহামারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত এ সংগঠনটি জন্মলগ্ন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও করপোরেট প্রফেশনালদের উপস্থিতিতে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, স্কিল কম্পিটিশন ও লার্নিং সেশনের সফল আয়োজন করেছে।

বর্তমানে ৫০টিরও বেশি ক্যাম্পাসের ৭৫ জনের বেশি অ্যাম্বাসেডর এবং ১০০ জনের বেশি ক্যাম্পাস টিম মেম্বার নিয়ে পরিচালিত এ সংগঠন এগিয়ে চলেছে। ২০২০ সালের ১০ অক্টোবর স্বপ্নবাজ এক তরুণ রিয়াজ হোসেনের নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading