লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১০
ঢাকা থেকে পটুয়াখালী গামী এম ভি সম্রাট-৭ দোতালা লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুনীর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৩ অক্টোবর) ভোরে লঞ্চটি ঘাটে পৌছালে স্টাফরা ওই তরুনীর কেবিনে বাহির থেকে তালা লাগানো দেখতে পায়। পরে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে স্টাফরা পুলিশে খবর দেয়।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালা ভেঙ্গে ভিতরে ওই তরুনীর লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অজ্ঞাত তরুনীর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।
লাশ শনাক্ত ও মৃত্যুর কারন উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশ কাজ করছে। লাশের পরিচয় পাওয়া গেলেই মৃত্যুর মোটিভ জানা যাবে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানান ওসি।

