জয় দিয়ে মূল বিশ্বকাপ শুরু করতে চায় টাইগাররা
উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ অক্টোবর ২০২১ । আপডেট ১৯:৪০
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার মাঠে নামবে বাংলাদেশ। আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এ ম্যাচটি সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।
আগামী ম্যাচে প্রতিপক্ষ শ্রীলংকা হওয়ায় আত্মবিশ্বাসী হতেই পারে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। এই ফরম্যাটে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান করেছিলো বাংলাদেশ। ডাবল-লিগের ঐ টুর্নামেন্টের দ্বিতীয় লেগেও শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ফাইনালে ভারতের কাছে হেরেছিল টাইগাররা। সে ম্যাচেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সেরাটা মেলে ধরতে পেরেছিলো বাংলাদেশ। নিশ্চিতভাবেই রোববারের ম্যাচটি সেই ম্যাচের স্মৃতি জাগিয়ে তুলবে।
তবে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ৭টিতে জিতেছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ হেরেছে ৪ টিতে। তবে সর্বশেষ দুই ম্যাচে জয় ছিলো বাংলাদেশেরই।
কিন্তু সব কিছু পিছনে ফেলে রেখে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষ্যে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। এজন্য তরুণদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাইফউদ্দিন, শেখ মাহেদি হাসান ও নাইম শেখের জ্বলে উঠার আশায় অধিনায়ক।
সংবাদ সম্মেলনে অধিনায়ক রিয়াদ বলেন, তাদের পারফরম্যান্স আমাদের জন্য ইতিবাচক। সাইফুদ্দিন তিন ম্যাচেই ভালো বোলিং করেছেন, ভালো ব্যাটিং করেছেন। মাহেদি ভালো বল করেছেন। নিজের প্রথম ম্যাচে ৬৪ রান করেন নাইম। আমি আশা করি তারা এই ধারা অব্যাহত রাখবে। তারা যখন পারফর্ম করে তখন খুবই ভালো লাগে এবং এটা আমাদেরও অনুপ্রাণিত করে। আমি আশা করি, সুপার টুয়েলভেও তারা আরও ভালো করবে।

