চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ অক্টোবর ২০২১ । আপডেট ১৩:৫০
জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে চালককে হত্যার পর তার ব্যটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে সদর উপজেলার দোগাছি শিমুলতলী এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) সকালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের নিলু ফকিরের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, রবিবার (২৪ অক্টোবর) সকালে শফিকুল ইসলাম অটোরিকশা নিয়ে তার বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তার স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। সোমবার সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকার রাস্তার পাশে একটি গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আটোরিকশা ছিনতাইয়ের পর শফিকুল ইসলামকে হত্যা করা হয়ে থাকতে পারে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

