নির্বাচন নিয়ে চিন্তাই করছি না: ফখরুল
উত্তরদক্ষিণ। বুধবার, ২৭ অক্টোবর ২০২১ । আপডেট ১৭:১৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তাই করছি না। আগে এই সরকারকে যেতে হবে। তারা পদত্যাগ করে চলে যাওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন (ইসি) ও নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, এটাই ফাইনাল। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, গত ২০১৮ সালে আপনারা দেখেছেন যে নির্বাচনের ৭/৮দিন আগে থেকে তারা এমনভাবে মিথ্যা, সাজানো, গায়েবি মামলা দেওয়া শুরু করলো যে, প্রার্থীসহ কর্মীদের গ্রেফতার করা হলো। সব নেতাকর্মীকে গ্রেফতার করে মাঠ খালি করে আগের রাতে ব্যালট বাক্স ভরা হলো। আর এবার তারা আগে থেকেই বিরোধী নেতা-কর্মীদের নামে করা মামলাগুলো অতিদ্রুত শেষ করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তালিকা করেছে এসব মামলা দ্রুত নিস্পত্তি করতে হবে এবং নেতারা যেন নির্বাচন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে।
মির্জা ফখরুল বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারাদেশে সহিংস ঘটনা ঘটেছে, অনেকগুলো পূজামণ্ডপ ভাঙচুর করা হয়েছে। পুলিশের গুলিতে কয়েকজন মারা গেছে। এসব ঘটনার মাধ্যমে সরকার বিরোধীদলকে ঘায়েল করে বেআইনি ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। বিএনপিকে নির্মূল করতে চায়। আপনারা দেখেছেন কোনো ঘটনা ঘটলেই সত্য-মিথ্যা সাজিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেওয়া হয়। এবারও দেখলাম গ্রেফতার বাণিজ্য করার জন্য প্রকৃত অপরাধীরা যেন ধরা না পরে সেজন্য অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দেয়া হলো।
বিএনপি মহাসচিব বলেন, পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় মোট ৬০টি মামলায় ১৫ হাজার ৯৬ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ইতোমধ্যে বিএনপির ১৪৬জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা ল করে জেনে গেছেন যে, এসব ঘটনার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ আছে। তারা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা বিনষ্ট করছে সরকার।
সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে এবং সুষ্ঠূ তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।

