সরকার পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পনাবিদ নিয়োগের কথা ভাবছে: এলজিআরডি মন্ত্রী

সরকার পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিকল্পনাবিদ নিয়োগের কথা ভাবছে: এলজিআরডি মন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ অক্টোবর ২০২১ । আপডেট ২১:৩০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, পরিকল্পিত দেশ গঠনে পরিকল্পনাবিদদের অংশগ্রহণ অপরিহার্য। বর্তমান সরকার পরিকল্পিত দেশ গঠনে পৌরসভাসহ এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে।

তিনি শনিবার (৩০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সুন্দর ও ছবির মতো একটি দেশ করার জন্য পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন – এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণও অনস্বীকার্য। কারণ, টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে। তিনি বলেন,শহর, নগর ও গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে।

বিআইপি’র প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আখতার মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও জার্মান ডেভলপমেন্ট কর্পোরেশনের প্রধান জোহানেস সেহিইনডার ।

এলজিআরডি মন্ত্রী এ সময় জানান, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। এখন স্বাভাবিকভাবেই নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিক সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা নিবে সরকার। আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র-এসবের কোনটা কোথায় হবে তা নির্ধারণ করার দায়িত্ব পরিকল্পনাবিদদের। গ্রাম-নগর সবখানেই অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মিত হচ্ছে। মন্ত্রী পরিকল্পিত অবকাঠামো গড়তে নগরবিদ এবং স্থাপত্যবিদসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেয়ারও আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, ওয়াসার নিকট থেকে খালের দায়িত্ব ঢাকার দুই সিটি কর্পোরেশনকে দেয়ার পর তারা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে সংস্কার করছে। রাজধানীর সকল খালগুলোকে হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা করা হলে ঢাকা মহানগরী বিশ্বের মধ্যে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরে রূপান্তরিত হবে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading