বকেয়া বেতন আদায়ে শ্রম ভবনে শ্রমিকদের অবস্থান

বকেয়া বেতন আদায়ে শ্রম ভবনে শ্রমিকদের অবস্থান

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ২০:২১

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে টানা ছয় দিন ধরে অবস্থান নিয়েছে গাজীপুরের স্টাইলক্রাফট নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা। তাদের দাবি, শ্রমিক ও স্টাফদের চার থেকে সর্বোচ্চ ১১ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার রাজধানীর বিজয়নগরের শ্রমভবনের সামনে অবস্থান নিয়ে শ্রমিকদের আন্দোলন করতে দেখা গেছে।

শ্রমিকরা জানিয়েছেন, শামস আলমাস রহমান সু’র মালিকানাধীন স্টাইলক্রাফট ও ইয়াংওয়ান্স-এর সাড়ে চার হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছে। ছয় দিন ধরে তারা আন্দোলন করছেন। মালিক ও সরকার পক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হলেও এখনও সমাধান আসেনি। আগামী মঙ্গলবার বেতনের কিছু অংশ পরিশোধ করার কথা রয়েছে। তবে পুরো বকেয়া না পাওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবে।

কারখানাটির শ্রমিক নজরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে কারখানাটিতে বকেয়া রয়েছে। কোনো মাসে ৫০ শতাংশ বেতন দিয়েছে। আবার কোনো মাসে দেয়নি। তখনও আন্দোলন করেছি। মালিক বলছে, আমি একটু অসহায় আছি। যেহেতু ২০ বছর ধরে চাকরি করেন, আমার দিকে একটু তাকান। আমরা আসলে উনার মান ইজ্জতের দিকে তাকিয়েছি। কিন্তু না। শিপমেন্ট ঠিকই হয়, আমাদের বেতন দিচ্ছে না। ২০১৮ সাল থেকেই কারখানাটিতে এই অবস্থা চলছে।’

অপর এক শ্রমিক বলেন, উনি (মালিক) এক মাসের বেতন দিলে পরের মাসে বেতন দেন না। আমাদের বলেন একটু ধৈর্য ধরো। তোমাদের পরে দেব। এভাবে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘স্টাইলক্রাফট গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছে। তারা ছয় দিন ধরে এখানে অবস্থান করছে। শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে চুক্তি হয়েছিল। মালিক পক্ষ সেই চুক্তি মেনে নেয়নি। প্রতিমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি দেখবেন। কিছু বেতন দিয়ে মঙ্গলবার বিষয়টির সুরাহা হতে পারে। তবে শ্রমিকরা বলছেন পুরো বকেয়া বেতন না পেলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।’

জানতে চাইল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক ড. গোলাম মো. ফারুক জানান, বিষয়টি নিয়ে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। শ্রমিকদের বকেয়া দিতে একটি চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তি অনুযায়ী বকেয়া পরিশোধ করা হয়নি। শ্রমিকদের বকেয়ার বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী কাজ করছেন। সংশ্লিষ্ট সবাই বিষয়টি অবগত আছেন। শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমারও শ্রমিক আন্দোলনের বিষয়টি অবগত আছেন।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading