সংক্রমণ বেড়েছে, কমেছে মৃত্যু-শনাক্তের হার
উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ২০:৩৮
দেশে আগের দিনের তুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দুই জন কমেছে। তবে বেড়েছে নতুন সংক্রমিতের সংখ্যা। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে ৮ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৬ জন। অন্যদিকে আগের দিন ১৬৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২১১।
রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর তথ্য জানানো হয়েছে।
এদিকে, সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কিছুটা কমে ১ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে।

