সামাজিক মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে: পলক

সামাজিক মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে: পলক

উত্তরদক্ষিণ। রবিবার, ৩১ অক্টোবর ২০২১ । আপডেট ২১:০৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে দেশে গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সপার্টের চাহিদা মেটাতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাচেলর ডিগ্রি চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য পরিকাঠামো গাইডলাইনস ও সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২১-২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশ্বে বাংলাদেশের সাইবার সিকিউরিটি র‌্যাংকিং বিষয়ে অবহিতকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আবেগ কিংবা অভিব্যক্তি প্রকাশে ব্যক্তি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা গড়ে তুলতে হবে। কোনো মহল যেন দেশের সুনাম ও মর্যাদা নষ্ট এবং বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। এজন্য আইসিটি বিভাগের অধীন ডিজিটাল লিটারেসি সেন্টার প্রতিষ্ঠা করে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা হয়েছে।

দেশে গত চার বছরে হার্ডওয়্যার শিল্পখাত সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, করোনাকালীন গত ২০ মাসে সাইবার সিকিউরিটির জন্য প্রযুক্তি উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন বর্তমান বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। সাইবার নিরাপত্তায় জনশক্তির বৈশ্বিক চাহিদার তথ্য তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বে এখন সাইবার সিকিউরিটি এক্সপার্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে বিশ্বে ৩৫ লাখ সাইবার সিকিউরিটি এক্সপার্টের প্রয়োজন। গ্লোবাল সাইবার সিকিউরিটি এক্সপার্টের চাহিদা মেটাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স ও ব্যাচেলর ডিগ্রি চালু করা প্রয়োজন।

সাইবার নিরাপত্তার বিষয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পলক বলেন, ব্যবহারকারীর অজান্তেই ৭০ হাজার তথ্য সংগ্রহ করে ফেসবুক। কৃত্রিমবুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলোর মধ্যে দুর্বল দিকগুলো ব্যবহার করে ব্যবসা করছে সোশ্যাল মিডিয়াটি। আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। পক্ষান্তরে এই দুর্বল ও মিথ্যা তথ্যগুলোর মাধ্যমে ২০১২ সালে রামুতে, ২০১৬ সালে নাসিরনগরে, ২০১৭ ঠাকুরপাড়া ২০১৯ সালে ভোলায় এবং ২০২১ সালে এসে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরে প্রাণহানি ও সম্পদ বিনষ্ট করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading