পায়রা সেতুতে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে প্রাণ হারালো স্কুলছাত্র
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১১:০০
পায়রা সেতুতে বেড়াতে এসে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে রাইয়ান নামে এক স্কুলছাত্র।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় পায়রা সেতুতে দুই মোটরসাইকেলে সংঘর্ষে হয়। দুর্ঘটনার পর রাইয়ানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রাইয়ানের স্কুল সহপাঠি মোর্শেদ আহত হয়।
নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ডের লুৎফর রহমান শাহরিয়ার একমাত্র ছেলে। রাইয়ানের মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে আসে। রাতে তাদের বাসার সামনে হাজারো মানুষের সমাগম ঘটে। রাইয়ান শহরের জুবীলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়তো।
পায়রা সেতুতে বেড়াতে যাওয়া শহরের একতা সড়কের বাসিন্দা বশির উদ্দীন বলেন-পটুয়াখালীর দক্ষিণ প্রান্ত থেকে সেতুর অ্যাপ্রোজ সড়কের পশ্চিম লেন ধরে উত্তর প্রান্তে যাচ্ছিল মোটরসাইকেল আরোহী দুই কিশোর। এসময় উত্তর প্রান্ত থেকে অপর একটি মোটরসাইকেল আসলে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর লুটিয়ে পড়া রাইয়ান ও মোর্শেদকে সেতুতে ঘুরতে আসা লোকজন দ্রুত পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার নুরুন্নাহার জানান-রাইয়ানের মাথায় ইন্টারনাল ইনজুরি হওয়ায় তাকে আরো উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দুমকী থানার এসআই বিপ্লব ভাট জানান-সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন লেনে এ দুর্ঘটনা ঘটে। চার লেনের পায়রা সেতুর মাঝখানে ডিভাইডার থাকার কারণে একটি মোটরসাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়- অপর প্রান্ত থেকে আসা মোটরসাইকেলটি উল্টো পথ ধরে আসছিল, তাই এ ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পায়রা সেতুর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেতুতে এই প্রথম হতাহতের ঘটনা ঘটলো।

