চট্টগ্রামে গ্যাস লাইন লিকেজের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ । আপডেট ১৮:৩০
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কাট্টলী এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, উত্তর কাট্টলী এলাকা থেকে আগুনে দগ্ধ ছয়জনকে ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এরপর তাদেরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধদের মধ্যে মা সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দগ্ধ হওয়া সন্তানদের বাবা জামাল শেখ গণমাধ্যমকে বলেন, ‘আমি যখন রাতে ডিউটি শেষ করে বাসায় আসি তখন পরিবারের সদস্যরা প্রতিদিনই বলেন, “আব্বা গ্যাসের গন্ধ আসে।” আমি বিষয়টি ভবন মালিককে অবহিত করি। কিন্তু তারা কিছু হবে না বলে উড়িয়ে দেন। আমার ছেলেরাও ভবন মালিককে বেশ কয়েকবার এ বিষয়ে অবহিত করেন। কিন্তু আগের মতো জবাব দেন তিনি। একটু ব্যবস্থা নিলে আমার পরিবার বেঁচে যেত।’
চট্টগ্রামের আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি গ্যাসের লাইন লিকেজ থেকে আগুনে সবাই দগ্ধ হয়েছেন। এরপরও আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

