আটকে পড়া পর্যটকদের পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম পুলিশ
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ০৮:১০
গণপরিবহন ধর্মঘটের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে বেড়াতে এসে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এই সিদ্ধান্তে শনিবার বিকেলে কক্সবাজার পুলিশ লাইনে ১৫টি নিজস্ব বাস দেয় পুলিশ। ইতোমধ্যে ২টি বাসে ৯৩ জন পর্যটককে চট্টগ্রাম দামপাড়া পুলিশ পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) বিকেল ১টি বাসে ৪৬ জন এবং রাতে অপর বাসে ৪৭ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ছেড়েছে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, কক্সবাজার জেলা পুলিশ বিনা খরচে পুলিশের নিজস্ব বাসে করে আটকে পড়া পর্যটকদের চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত দুটি বাসে করে ৯৩ জন পর্যটক কক্সবাজার ত্যাগ করেছেন। আরও ১৩টি বাস রয়েছে যেগুলোতে বাকিদের পৌঁছে দেওয়া হবে।
এর আগে শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ঘোষণা দেন, যে সমস্ত পর্যটক কক্সবাজারে বেড়াতে এসে আটকে গেছেন তাদেরকে জেলা পুলিশের নিজস্ব পরিবহনে বিনা খরচে চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেয়া হবে। এজন্য যারা ফিরতে ইচ্ছুক তাদের কক্সবাজার পুলিশ লাইনে এসে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে।
এদিকে আটকে থাকা হাজারো পর্যটকের মধ্যে জরুরি কাজ থাকায় অতিরিক্ত ভাড়ায় বিমান ফ্লাইটে অনেকেই কক্সবাজার ত্যাগ করছেন।
উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন, মালবাহী ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় পরিবহন সংগঠনের নেতাকর্মীরা। সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারেও এই প্রভাব পড়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

