সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ মে, ২০২৬, আপডেট ১৯:৪
সাতক্ষীরার একটি মৎস্য ঘেরে জিন্নাত আলী (৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহত জিন্নাত আলী একই গ্রামের মো. মোহর আলী সরদারের ছেলে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, স্থানীয় লোকজন ভোরে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘেরের পানিতে ফেলে রেখে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ইউডি/রেজা

