বাস ভাড়া বাড়ল ২৭%
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৮:৩০
ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং বাস মালিকদের সভায়।
সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫ পয়সা।
এই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ক কমিটির সভা শেষে বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, “এই ভাড়া কার্যকর হবে কাল (সোমবার) থেকে। আজ আমরা মন্ত্রণালয়ে পাঠাব। এরপর প্রজ্ঞাপন জারি হবে।”
ভাড়ার এই নতুন হার ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য জানিয়ে তিনি বলেন, “সিএনজিচালিতে বাসের ভাড়া এক পয়সাও বাড়ানো যাবে না, তাদের জন্য এই ভাড়া প্রযোজ্য নয়, আগের রেটে নেবে।”
ডিজেলের দাম বাড়ায় সারা দেশে তিন দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
বিআরটিএ কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, “আমি বাসের মালিকদের অনুরোধ করব, ধর্মঘট প্রত্যাহার করে যেন দেশ স্বাভাবিক অবস্থা হয়।”

