কমিশন করে জিয়ার ‘মরণোত্তর বিচার’ দাবি
উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০০
বিদ্রোহ দমনের নামে ১৯৭৭ সালে সেনা ও বিমানবাহিনীতে কর্মরত মুক্তিযোদ্ধাদের ফাঁসি, কারাদণ্ড, গুম ও চাকরিচ্যুতির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।
ওই কমিশনের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করে জেনারেল জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা।
রোববার দুপুরে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়।
হারানো প্রিয়জনের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ সভায় যোগ দেন নিহতদের স্বজনরা। নিজেদের দুঃখ-কষ্টের কথা তারা বক্তৃতায় তুলে ধরেন। পরে শহীদ মিনার থেকে ক্যান্টমেন্ট অভিমুখে পদযাত্রায় অংশ নেন তারা।
কর্নেল নাজমুল হুদার মেয়ে নাহিদ এজাহার খান বলেন, “আমরা সেই সকল সন্তান, যাদের কাছে বাবা বলতে রক্তাক্ত স্মৃতি। আমরা সেই সকল সন্তান, যাদের বেঁচে থাকার জন্য সমাজে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়েছে। স্কুলে গেলে বলা হত, আমরা নাকি বিদেশি দালালের সন্তান।
“আমরা আসলে বড় হয়েছি অন্ধকার যুগে। মুক্তিযোদ্ধাদের হত্যা করে তখন ৭ নভেম্বর পালন করা হত ছুটির দিন। আমরা সেই হতভাগা, যারা বাবা হত্যার বিচারের জন্য আজও লড়ছি, অনেকে বাবার কবরটাও খুঁজে পাইনি।”
নাহিদ এজাহার বলেন, “আমি জেনারেল জিয়ার অবৈধ শাসনামলের সকল হত্যাকাণ্ড তদন্তে একটি কমিশন গঠনের দাবি করছি, যাতে ভবিষ্যত প্রজন্মের কাছে জিয়ার ষড়যন্ত্রের রাজনীতির মুখোশ উন্মোচন হয়।”

