আলিফ ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
উত্তরদক্ষিণ। বুধবার, ১০ নভেম্বর ২০২১। আপডেট ১৯:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর ৩০ জুন,২০২০ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর-ডিএসই।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ০২ পয়সা আয় হয়েছিল। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

