নির্বাচনী সহিংসতায় ৬ জনের মৃত্যুতে ‘ব্যথিত’ ইসি

নির্বাচনী সহিংসতায় ৬ জনের মৃত্যুতে ‘ব্যথিত’ ইসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ২২:২৫

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় নির্বাচন কমিশন ব্যথিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচনী সহিংসতায় ৬ জন মারা গেছেন। এর জন্য কমিশন ব্যথিত। আমরা কখনো চাইব না রাষ্ট্রের একজন নাগরিকও কোনো সহিংসতায় মারা যাক। তবে আজ যারা মারা গেছেন তারা কেউ ভোট কেন্দ্রে মারা যাননি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতার ঘটনায় তারা মারা গেছেন।

তিনি আরও বলেন, আজ ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ভোট হয়েছে। আমরা সব জেলা-উপজেলায় খোঁজ নিয়েছি, প্রার্থীরাও কেউ কেউ জানিয়েছেন, ভোট খুব সুন্দর হয়েছে উৎসব মুখর হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মোট ৮ হাজার ৪০০ কেন্দ্র। আমরা গণমাধ্যম ও ল মনিটরিং সেন্টারের মাধ্যমে রিপোর্ট পেয়েছি ১০টি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। প্রিসাইডিং অফিসাররা তাৎক্ষণিক ওইসব কেন্দ্রের ভোট বন্ধ করে দিয়েছেন। এসব কেন্দ্রে পরবর্তীতে ভোট নেওয়া হবে। এছাড়া পুরো দেশে ভোট ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে।

ভোট কেন্দ্রের বাইরের সংঘর্ষ ঘটলে সেটি নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৬ তে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৪ জন মানুষ মারা গেছেন। কিন্তু এবার ৬ জন মানুষ মারা গেছেন। অবশ্যই কমিশনের জন্য সেটি দুঃখজনক ব্যাপার। নির্বাচন কমিশনের কাছে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তারা যেভাবে ফোর্স চেয়েছেন আমরা সেটি দিয়েছি। আমরা মনে করি আইনশৃঙ্খলা-বাহিনী, ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার এবং নির্বাচনী কর্মকর্তা সবাই একটিভ ছিলেন এবং তারা চেষ্টা করেছেন ভালো কাজ করার জন্য। সে কারণে ভোট সুষ্ঠ হয়েছে।

ইসি সচিব বলেন, একটি কথা মনে রাখতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু ঘরে ঘরে প্রতিযোগিতা হয়, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। একটি পাড়া আরেকটি পাড়ার উপর প্রভাব বিস্তার করতে চায়। প্রার্থী যারা তারা অতি আবেগী হয়ে যায় বিজয়ের জন্য। এ সব কারণেই এই নির্বাচনে সহিংসতা হয়ে থাকে। তারপরও বলব যে ঘটনাগুলো ঘটেছে তা না ঘটলে আরও ভালো হতো। নেক্সট টাইম আরো ভালো ভোট হবে।

কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে সেটি এই মূহুর্তে বলা কঠিন, যেহেতু ভোট কাউন্ট হচ্ছে। আমরা এ পর্যন্ত যে তথ্য পেয়েছে ৬৫ থেকে ৭০ ভাগ ভোট কাস্ট হয়েছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading