যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘রেহানা মরিয়ম নূর’
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১। আপডেট ২২:৫০
আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও প্রশংসা কুড়ায় সিনেমাটি। আগামীকাল থেকে দেশের সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা।
আজ রাজধানীর ফিল্ম আর্কাইভে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিনেমাটির পরিচালক।
আগামীকাল (১২ নভেম্বর) ঢাকার স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স-মিরপুর, ব্লকবাস্টার-যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, সেনা অডিটোরিঢয়াম, মধুমিতা, চট্টগ্রামে সুগন্ধা ও সিলভার স্ক্রিন, নারায়ণগঞ্জে সিনেস্কোপ ও বগুড়ায় মধুবনে সিনেমাটি দেখা যাবে।
৯৪তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও দেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে। সেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক। এক সন্ধ্যায় কলেজ থেকে বের হয়ে তিনি এমন এক ঘটনা প্রত্যক্ষ করেন, যা তাকে প্রতিবাদী করে তোলে। এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হন রেহানা। একই সময়ে তার ৬ বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ করা হয়। এমন অবস্থায় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তার সন্তানের জন্য ন্যায়বিচার খুঁজতে থাকেন।
ইউডি/সুস্মিত

