মিয়ানমারে মার্কিন সাংবাদিককে ১১ বছরের কারাদণ্ড
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১২ নভেম্বর ২০২১। আপডেট ১৯:৫৫
মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারের ১১ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। শুক্রবার তাকে এ দণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি সংযোগ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।
চলতি সপ্তাহের শুরুতে তাকে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অতিরিক্ত অভিযোগ আনা হয়েছিল, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ১৬ নভেম্বর এসব অভিযোগে তার নতুন বিচার শুরু হবে।
৩৭ বছরের ফেনস্টার অনলাইন সংবাদমাধ্যম মিয়ানমার ফ্রন্টিয়ারের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। গত মে মাসে তাকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
ফ্রন্টিয়ারের মতে, ফেনস্টার এর আগে মিয়ানমার নাউ’র জন্য কাজ করেছেন। এই স্বাধীন সংবাদমাধ্যমটি অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর সমালোচনা করে আসছে।
ইউডি/সুস্মিত

