শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:২৬
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো থাং শান, দা ছিং ও থাই হু।
আজ বৃহস্পতিবার দুপুরে জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।
জাহাজগুলো বাংলাদেশে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।
জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা, চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে অভ্যর্থনা জানায়।
নৌবাহিনী জানায়, সফরকালে চীনা জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি পরিদর্শনের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখবেন।
অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন। এর মাধ্যমে দুই দেশের নৌসদস্যদের পারস্পরিক কার্যক্রম ও পেশাগত দক্ষতা সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। এ ধরনের শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত মতবিনিময়ের সুযোগ বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং নৌ-সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রেও এ সফর ভূমিকা রাখতে পারে।
চীনা নৌবাহিনীর জাহাজ তিনটির ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করার কথা রয়েছে।
ইউডি/রেজা

