দৌলতদিয়ায় পারের অপেক্ষায় হাজারের বেশি গাড়ি
উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ১৫:১০
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে প্রায় এক হাজার যানবাহন। অপেক্ষমাণ এসব যানবাহনগুলোর মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। ঘাটের অপর্যাপ্ততা, নাব্যতা সংকট ও ফেরি স্বল্পতার কারণে ঘাটে এই দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ
শনিবার (১৩ নভেম্বর ) দুপুর ১২টায় সরেজমিনে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়,ফেরিঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ আলী টেকনিক্যাল পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক এবং প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস ফেরি পারের জন্য দীর্ঘসময় ধরে অপেক্ষা করছে।
অপরদিকে, ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট থেকে ১৪ কিলোমিটার পিছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় ৬ কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যানগুলেকে রাখা হয়েছে।
অপেক্ষমাণ এসব যানবাহনগুলোর মধ্যে যাত্রীবাহী বাসগুলো ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করে ফেরির দেখা পেলেও পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ২০ থেকে ২৪ ঘণ্টা। দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নীচে অপেক্ষা করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।
মেহেরপুর থেকে আসা সেলিম বলেন, ‘গতকাল রাতে গোয়ালন্দ মোড়ে আসি। সারারাত খোলা আকাশের নীচে ছিলাম। ভোরের দিকে পুলিশ ঘাটের উদ্দেশ্য ছেড়ে দিলে আবার ফিড মিলের কাছে এসে আটকে যায়। এখনো আমার সামনে প্রায় ৪ শতাধিক গাড়ি আছে। ফেরির নাগাল যে কখন পাবো বলতে পারছি না।’
কুমারখালি থেকে আসা রাবেয়া পরিবহনের যাত্রী অনন্যা মেহজাবিন বলেন, ‘আমি সকাল ১০টায় এসে ঘাট এলাকায় সিরিয়ালে আটকে যাই। জরুরি একটা কাজে ঢাকা যাচ্ছিলাম। এখন বেলা ১২টা বাজে কিন্তু ফেরিতেই উঠতে পারলাম না। সময়মতো পৌঁছাতে না পারলে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৌলতদিয়া ঘাটে যানবাহনের ভয়াবহ চাপ বেড়েছে। বাংলাবাজার-শিমুলিয়া রুটের অতিরিক্ত গাড়ীর চাপ, ঘাট স্বল্পতা ও পদ্মায় নাব্যতা সংকটের কারণেই এই যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে এই রুটে ১৬ ফেরি চলাচল করছে বলেও জানান এই কর্মকর্তা।

