এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা স্মারক সই

এফবিসিসিআই ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সমঝোতা স্মারক সই

উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ১৮:২০

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার। শুক্রবার (১২ নভেম্বর) ফ্রান্সের প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার আয়োজিত বৈঠকে এ স্মারকে সই করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।

শনিবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দুই সংগঠনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যকর ভূমিকা রাখবে এবং পারষ্পরিক ব্যবসায়ীক সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নেবে।

তিনি জানান, চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে, তথ্য প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগিয়ে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশের উদ্যোক্তারা এরই মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে কারখানা স্থাপন ও পণ্য উৎপাদন করছেন। বিশ্বের সেরা ১০টি গ্রিন পোশাক কারখানার প্রথম ৭টিই বাংলাদেশের।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের ঘোষিত নানা প্রণোদনার কথা উল্লেখ করে বাংলাদেশকে তাদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করতে ফরাসি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। একই সঙ্গে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও দেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি বলেন, বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংস্থা হিসেবে এফবিসিসিআই বাংলাদেশে ব্যবসায়িক স্বার্থের সুবিধার্থে সর্বদা উন্মুক্ত।

অন্যদিকে ফ্রান্সের বাজারে বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত নেটওয়ার্কিংয়ের ওপর জোর দেন এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর পরিচালক প্রীতি চক্রবর্তী ও মো. সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. আমিনুল হক শামীম, সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন। এফবিসিসিআই’র পরিচালক শমী কায়সার, খান আহমেদ শুভ, ডা. ফেরদৌসী বেগম, এফবিসিসিআই এর পরিচালকগণ, এফবিসিসিআই’র, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক জেসমিন আক্তার এবং ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের নেতৃবৃন্দ ও প্রবাসী ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার ফ্রান্সের শীর্ষ বাণিজ্য সংগঠন এমইডিইএফ ইন্টারন্যাশনাল এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading