দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী সহিংসতা, আহত ৫০
উত্তরদক্ষিণ। শনিবার, ১৩ নভেম্বর ২০২১। আপডেট ২০:৫৫
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বালিউড়া বাজার এলাকায় প্রায় তিন ঘণ্টা ধরে ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে ছাতক-দোয়ারাবাজার জোনের সার্কেল এএসপি বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর এবং ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশের দুটি টিম মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নরসিংপুর ইউনিয়নের বালিউরা মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে মেম্বার পদপ্রার্থী আব্দুল হেকিম ও মতিউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হন। এরই জের ধরে ১২ নভেম্বর দুই পক্ষের মধ্যে কয়েক দফায় হুমকি ধামকি বিনিময় হয়। ১৩ নভেম্বর সকাল ১০টায় স্থানীয় বালিউরা বাজারের দক্ষিণ-পশ্চিম পাশে নৌকারভাঙা ও চৌমুহনী সড়কে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের কয়েকশ’ লোক। শুরু হয় দফায় দফায় ইট-পাটকেল ও বাঁশের দেশীয় অস্ত্রের ছোড়াছুড়িতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করলে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, ১১ নভেম্বরের নির্বাচনে পরাজয় সইতে না পেরে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু (বিএনপি নেতা) এবং নুরুল আমীন (আওয়ামী লীগ নেতা) সমর্থকরা ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’জনের বাড়িই বালিউড়া বাজার নিকটস্থ এলাকায়, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

