কাবুলের শিয়া এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণ

কাবুলের শিয়া এলাকায় শক্তিশালী বোমা বিস্ফোরণ

উত্তরদক্ষিণ। রবিবার, ১৪ নভেম্বর ২০২১। আপডেট ০৯:৩০

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় একটি বোমা হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে।

তালেবান কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি যাত্রীবাহী মিনিভ্যানে চৌম্বক বোমা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেটিই বিস্ফোরিত হয়।

পশ্চিম কাবুলের দাস্ত-ই-বার্চি এলাকায় ঘটা এ বিস্ফোরণে ছয় জন নিহত ও অন্তত সাত জন আহত হয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান নেতা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতের সংখ্যা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি।

দাস্ত-ই-বার্চি এলাকাটিতে প্রধানত সংখ্যালঘু হাজারা জনগোষ্ঠীর বসবাস। শিয়া সম্প্রদায়ের এই জনগোষ্ঠী বারবার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার শিকার হয়ে আসছে।

শনিবারের এ হামলাটির পেছনেও আইএস আছে বলে পরিচয় না প্রকাশ করার শর্তে জানিয়েছেন দুই তালেবান কর্মকর্তা। তবে তালেবানের নিরাপত্তা বাহিনীগুলো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানিয়েছেন, দাস্ত-ই-বার্চি এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত এক বেসামরিকের মৃত্যু হয়েছে এবং দুই জন আহত হয়েছেন।

নিজেকে ইসমাইল বলে পরিচয় দেওয়া স্থানীয় এক ব্যক্তি জানান, বিস্ফোরণের কয়েক মিনিট পরই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তিনি।

“আমি যখন সেখানে গেলাম, বিশাল আগুনের শিখা দেখলাম। একটি মিনিভ্যানে আঠালো বোমা লাগিয়ে দেওয়া হয়েছিল,” বলেন তিনি।

তিনি জানান, আহতদের নিকটবর্তী হাসপাতালে নিতে সাহায্য করা তার এক বন্ধু অন্তত তিন থেকে চার জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে আগুনের শিখা ও আকাশের দিকে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

নিকটবর্তী হাসপাতালের একজন পরিচালকের ভাষ্য অনুযায়ী, সেখানে গুরুতর অগ্নিদগ্ধ অন্তত দুই জনকে ভর্তি করা হয়েছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading