কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ব্যাপক বন্যা, জরুরি অবস্থা

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় ব্যাপক বন্যা, জরুরি অবস্থা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১। আপডেট ১২:৩০

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় তীব্র ঝড়বৃষ্টির পর ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে, পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বুধবার দেশটির কেন্দ্রীয় সরকার বড় ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রবল বৃষ্টি ও ভূমিধসে বহু সড়ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় পার্বত্য অঞ্চলীয় বেশ কয়েকটি ছোট শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন জন নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ একজনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী মাখোঁ মেনদিচিনো জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর উপকূলের এ প্রদেশটিতে প্রায় ১৮ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন।

প্রদেশটির মুখ্যমন্ত্রী জন হোরগ্যান বলেছেন, “আসছে দিনগুলোতে আরও প্রাণহানির কথা নিশ্চিত করতে হবে বলে ধারণা করছি আমরা।”

প্রাকৃতিক এ দুর্যোগকে ‘৫০০ বছরের মধ্যে একবার ঘটা’ ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্থানীয় সময় ‍দুপুর ১২টা থেকে জরুরি অবস্থা কার্যকর হতে শুরু করবে।

ভ্রমণ বিধিনিষেধ লোকজনকে বন্যাকবলিত রাস্তাগুলো থেকে দূরে রাখবে আর নিত্য প্রয়োজনীয় পণ্য ‘ওইসব এলাকায় পৌঁছে যাবে যেখানে এগুলোর প্রয়োজন’, বলেছেন তিনি।

তিনি বলেন, “এমন কোনো ব্যক্তি নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি। মানুষের কারণে হওয়া জলবায়ু পরিবর্তনে কারণে এই ঘটনাগুলোর সংখ্যা বাড়ছে।”

বন্যা ও ভূমিধসের কারণে দেশটির বৃহত্তম বন্দর ভ্যাঙ্কুভার বিচ্ছিন্ন হয়ে আছে। এতে বন্দরটি থেকে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

এই দুর্যোগকে ‘ভয়ানক, ভয়ানক বিপর্যয়’ উল্লেখ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তা কাটিয়ে উঠতে ব্রিটিশ কলম্বিয়াকে তার সরকার সব ধরনের সাহায্য করবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার হতে যাওয়া যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো সম্মেলনের জন্য ওয়াশিংটন ডিসিতে থাকা ট্রুডো জানান, কেন্দ্রীয় সরকার সেখানে বিমান বাহিনীর কয়েকশত সদস্যকে পাঠাচ্ছে, তারা বিচ্ছিন্ন হয়ে পড়া কয়েক হাজার লোককে উদ্ধারে কাজ করবে।

কানাডার ইতিহাসে এই বিপর্যয় সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গেল গ্রীষ্মে ব্রিটিশ কলম্বিয়ায় রেকর্ড উষ্ণতা ও তাপ প্রবাহে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, দাবানলে একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়েছিল। চলতি মাসের প্রথমদিকে প্রদেশটি ৫০ বছরের মধ্যে প্রথম টর্নেডো দেখেছে।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading