বিশেষ অভিযানে আইসসহ গ্রেফতার ৪
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ২১:৪৫
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দলনেতা দুবাইতে বসে ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শনিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) অধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় কুড়িল থেকে মো. মামুন হোসেনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
অপর আভিযানিক দল খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোড থেকে মো. তাজ উদ্দিন টিটুকে ৫ গ্রাম আইস ও একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে বনানীর নিজ ফ্ল্যাট থেকে ১০ গ্রাম আইসসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁওয়ের আনসার সদর দপ্তর সংলগ্ন মদিনা হোটেলের সামনে থেকে ১০০ গ্রাম আইসসহ মো. লিটন মাহমুদকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছে, সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা ও আইস সংগ্রহ করে তা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত তারা। এ চক্রের মূল হোতা দুবাইয়ে বসে মাদক ব্যবসা পরিচালনা করছে। তার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

