হজ করতে সৌদি পৌঁছেছেন ১২,৮৫৫ বাংলাদেশি

হজ করতে সৌদি পৌঁছেছেন ১২,৮৫৫ বাংলাদেশি

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৩৭

চলতি বছরের হজযাত্রা শুরুর প্রথম তিন দিনেই বাংলাদেশ থেকে ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত মোট ৩২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন বলে আশকোনা হজ অফিসের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা।

এ বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পেয়েছেন মোট ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনার দায়িত্বে রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং বাকি ৬৩০টি সমন্বয়কারী হিসেবে কাজ করছে।

এয়ারলাইন্সভিত্তিক তথ্য অনুযায়ী- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৬৭ জন এবং ফ্লাই নাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩২টি ফ্লাইটে সর্বমোট ১২,৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো ৬৫ হাজার ৩৯৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সৌদি আরব যাওয়ার মোট ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইনসের ৩০টি। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ২১ মে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading