বাগেরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া শুরু
উত্তরদক্ষিণ। শনিবার, ২০ নভেম্বর ২০২১। আপডেট ২২:০৫
বাগেরহাটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতালে টিকা কার্যক্রম শুরু হয়।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট সরকারী মহিলা কলেজের ৫০০ জন এইচএসসির পরীক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। টিকা নিতে পেরে পরিক্ষার্থীরা খুশি হয়েছেন।
তারা জানান, পরীক্ষার আগে টিকা নিয়ে করোনার ঝুঁকি মুক্ত হতে পেরে তারা খুশি। টিকা গ্রহণের পর কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
বাগেরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা (স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ বকসী জানান, ফাইজার-বায়োএনটেকের টিকা এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়া হবে। জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীরা এই টিকা গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত টিকা গ্রহণের জন্য ৭ লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৮১ হাজার ৮৭২ জন ২য় ডোজ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত সিনোফার্মার ১০ লাখ ৪৪ হাজার ২০০ টিকা, কোভিশিল্ড ৯৯ হাজার, অ্যাস্ট্রোজেনেকা ১৬ হাজার ৪০০ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা পেয়েছে বাগেরহাট সিভিল সার্জন অফিস।
বর্তমানে সিনোফার্মার ১ লাখ ৫৭ হাজার ৪২০ ডোজ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা মজুদ রয়েছে।

