পরী মণির ‘বেবি শাওয়ারে’ গাইবেন মমতাজ!

পরী মণির ‘বেবি শাওয়ারে’ গাইবেন মমতাজ!

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১। আপডেট ১৬:৫৫

মা হবেন পরী মণি, সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান! আর সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, অরণ্য আনোয়ারের নির্মাণ-চলতি সিনেমা ‘মা’র জন্য এই বিশেষ গান, যাতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরী মণি। এর মধ্যে সিনেমাটির শুটিং শুরু হলেও পরী তাতে অংশ নিচ্ছেন জানুয়ারিতে। এর আগেই তৈরি হলো তাঁর জন্য বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। আর সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

সুরকার মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাউয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।’

জানা গেছে, এই গানটি সিনেমায় ব্যবহার হবে পরী মণির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্য দিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।

গানটির রেকর্ডিং শেষে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি উনাকে ছাড়া সম্ভব নয়। উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তাঁর গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।’

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরী মণির কোনও শিডিউল নেই। তাই জানুয়ারি থেকে পরী মণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading