পুঁজিবাজারে ১০০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ বিএসইসি’র

পুঁজিবাজারে ১০০ কোটি টাকা বিনিয়োগের নির্দেশ বিএসইসি’র

উত্তরদক্ষিণ। সোমবার, ২৮ নভেম্বর ২০২১। আপডেট ২২:৩০

টিডিআর হচ্ছে এক ধরনের ফিক্সড ডিপোজিট। অর্থাৎ স্থিতিশীলতা তহবিল প্রতিবছর আমানত হিসেবে আইসিবিকে দেওয়া ১০০ কোটি টাকার বিপরীতে নির্দিষ্ট হারে সুদ পাবে। পুঁজিবাজারে তারল্য বাড়ানোর জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) বা স্থিতিশীল তহবিল থেকে ১০০ কোটি টাকা ‘টিডিআর’ রূপে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) বিনিয়োগের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এ ব্যাপারে বিএসইসি থেকে সিএমএসএফের চেয়ারম্যানের কাছে দেয়া চিঠিতে বলা হয়েছে, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে সিএমএসএল ফান্ডের পৃষ্টপোষকতায় ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় ১০ বছর মেয়াদি ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ‘সুবর্ণজয়ন্তী ফান্ড’ নামক মিউচ্যুয়াল ফান্ড গঠনের সম্মতি জানিয়েছে কমিশন। উক্ত মিউচ্যুয়াল ফান্ডটিতে সিএমএসএফ প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা স্পন্সর হিসেবে বিনিয়োগ করবে।
বিএসইসির সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম সই করা চিঠিতে ১০০ কোটি টাকা দ্রুত দেওয়ার কথা বলা হয়েছে।
সম্প্রতি শেয়ারবাজারে পতনের ধারা দেখা দিলে গত ১৬ নভেম্বর পুঁজিবাজারে তারল্য বাড়াতে গঠিত স্থিতিশীলতা তহবিল থেকে ১০০ কোটি টাকা আইসিবিকে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ‘টিডিআর’ হিসেবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে এ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই এখন বিএসইসি এ ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের নির্দেশ দিল।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের অনুমোদিত লভ্যাংশের অপরিশোধিত বা আদাবি করা অংশ পুঁজিবাজারের উন্নয়নে ব্যবহারের লক্ষ্যে ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ বা পুঁজিবাজার স্থিতিশীল তহবিল গঠন করা হয়। চলতি বছরের ৩ মে কমিশন সভা করে এ তহবিল গঠন করে বিএসইসি। আর গত ২৭ জুন এই তহবিলের গেজেট প্রকাশ করা হয়।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading