এক বছরে দেশে আরও ৭২৯ জনের এইডস শনাক্ত
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ ডিসেম্বর ২০২১। আপডেট ১৯:০০
দেশে গত এক বছরে নতুন করে আরও ৭২৯ জনের দেহে এইচআইভি ভাইরাস (এইডস) শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী আছেন ১৮৮ জন। এছাড়া গত এক বছরে ২০৫ জন এইডস আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এইডস দিবসের আলোচনায় এই তথ্য জানানো হয়েছে।
বলা হয়, বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশে সাধারণ জনগােষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে। তবে ঝুঁকিপূর্ণ জনগােষ্ঠীর মধ্যে এই সংক্রমণ কিছুটা বেশি।
প্রবন্ধে বলা হয়, দেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার জন। তবে ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত মােট এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৬১ জন এবং মােট মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। দেশে গত ১ বছরে মােট এইচআইভি টেস্ট হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৩১২ জনের। এছাড়া ব্লাড স্ক্রিনিং করা হয়েছে আরও ৬ লাখ ৬২ হাজার ৭৫৭ জনের।
এতে বলা হয়, গত এক বছরে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগােষ্ঠী ১৮৬ জন (২৬%), রােহিঙ্গা ১৮৮ জন (২৬%), বিদেশফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন (২০%), ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন (৮%), নারী যৌনকর্মী ১৭ জন (২%), সমকামী ৬৭ জন (৯%), পুরুষ যৌনকর্মী ৫৩ জন (৭%) ও ট্রান্সজেন্ডার ১৩ জন (২%)।

