দেশে টিকা উৎপাদনের চুক্তি দ্রুতই হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে টিকা উৎপাদনের চুক্তি দ্রুতই হবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১। আপডেট ২৩:২৫

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে লক্ষ্যে দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশীয়ভাবে ভ্যাকসিন তৈরির জন্য আমরা প্রস্তাবনা জমা দিয়েছি। দুই-চার দিনের মধ্যে একটি বিদেশি কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে।’ তবে, কোন দেশের কোন কোম্পানির সঙ্গে এ চুক্তি হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি মন্ত্রী।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমাদের জেলা হাসপাতালগুলো আধুনিক করা হচ্ছে। প্রতিটি বিভাগে ৩০০ কোটি টাকা ব্যয়ে আটটি বিশেষায়িত হাসপাতাল করা হচ্ছে। সেগুলোতে কিডনি, ক্যান্সার ও হার্টের রোগের বিশেষায়িত চিকিৎসা হবে। সেটা শুরু হলে, এসব রোগীদের কষ্ট করে ঢাকায় আসতে হবে না। বিভাগভিত্তিক এসব হাসপাতালেই তারা মানসম্মত সেবা পাবেন।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক ফোরামের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading