বিচার ছাড়াই ৪১ বছর জেলে, ক্ষতিপূরণ দেওয়র নির্দেশ হাইকোর্টের
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ ডিসেম্বর ২০২১ । আপডেট ০৬:৩০
বিনা অপরাধ ও বিনা বিচারে ৪১ বছর কারাগারে বন্দি থাকা নেপালের নাগরিক দীপক যোশীকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কলকাতা হাইকোর্ট বুধবার এক রায়ে উল্লেখ করে যে ৬২ বছর বয়সী দীপক যোশীকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। কারণ তিনি ভারতে বিনা বিচারে ‘এত দীর্ঘ সময় বন্দি ছিলেন।’ একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে দীপক যোশীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আদালতে একটি প্রতিবেদন জমা দিতেও বলেছেন আদালত।
বুদ্ধিগত দিক থেকে অনেকটা অক্ষম দীপক যোশীকে গত মার্চ মাসে মুক্তি দিয়ে নেপালে ফেরত পাঠাতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সে সময় দীপক যোশীকে মুক্তি দিয়ে পরিবারের হাতে তুলে দেয় প্রশাসন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৯৮০ সালের ১২ মে নেপাল থেকে দার্জিলিং আসেন দীপক যোশী। কারও মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে দার্জিলিংয়ে আসেন তিনি। কিন্তু নেপালের এই নাগরিককে যে লোক চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লোকই দীপক যোশীকে একটি হত্যা মামলায় ফাসিয়ে দেন।
এর পর থেকেই বিনা বিচারে কলকাতার একটি কারাগারে বন্দি ছিলেন দীপক যোশী। বিনা বিচারে বন্দি থাকার কারণে বুদ্ধিগত দিক থেকে তিনি এতোটাই অক্ষম হয়ে পড়েছিলেন যে তার পক্ষে বিচারের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না। সূত্র: ইন্ডিপেনডেন্ট।

