অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রবিনের সেঞ্চুরি
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৫:২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল, এবার কুয়েত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে খেলতে নেমে ওপেনার মাহফিজুল ইসলাম রবিন দেখা পেয়েছেন শতকের।
শনিবার (২৫ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। দ্রুত প্রথম উইকেট হারানোর পর হাল ধরেন রবিন, তুলে নেন দারুণ শতক। তার দুর্দান্ত সেঞ্চুরি বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে।
ওপেনিংয়ে নেমে রবিন খেলেন ১১৯ বলে ১১২ রানের ইনিংস। ১২টি চার ও ৪টি ছয়ের মার ছিল তার ইনিংসে। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ১০৭ বলে। বাংলাদেশের ব্যাটিং এক প্রান্ত আগলে রেখেছিলেন রবিন। অপর প্রান্তে আইচ মোল্লা-আরিফুলরা থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বলে ৪২ রান আসে এস এম মেহরবের ব্যাট থেকে।
এই মুহূর্তে অধিনায়ক রাকিবুল হাসান ১১ রান ও ৩ রান নিয়ে মাসফিক হাসান ক্রিজে আছেন। এখনো ওভার বাকি আছে ৫টি।
একটি করে ম্যাচের পর বি গ্রুপ থেকে বাংলাদেশ এখন শীর্ষে আছে। আজ জিতলে শীর্ষস্থান আরও পাকাপোক্ত হবে। গ্রুপের বাকি দলগুলো হলো শ্রীলঙ্কা, কুয়েত ও নেপাল।
৪৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান। কুয়েতকে জয় লাভের জন্য করতে হবে ২৯২ রান।

