আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ । আপডেট ১০:২০

মালদ্বীপে ছয় দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ (২৭ ডিসেম্বর) দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার দুপুর ১টায় (স্থানীয় সময়) ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

ফ্লাইটটির ঢাকার স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র আমন্ত্রণে গত ২২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন (২৩ ডিসেম্বর) যোগ্য স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এছাড়াও, বাংলাদেশ ও মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করা হয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।

সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ, ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে পৃথক বৈঠক করেন। ২৩ ডিসেম্বর বিকেলে মালদ্বীপের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা তার সম্মানে মালদ্বীপের রাষ্ট্রপতি ও দেশটির ফার্স্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন।

২৪ ডিসেম্বর তিনি মালে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সূত্র : বাসস

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading