শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদীয় ককাস

শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদীয় ককাস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, আপডেট ১৬:২৭

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি বলেন, শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী ককাস গঠন করা হবে। এই ককাস জাতীয় সংসদে শিশু অধিকার বিষয়ক আলোচনা এবং শিশুদের জন্য বাজেট বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (০৭ মে) জাতীয় সংসদ ভবন কার্যালয়ে ইউনিসেফের সোশ্যাল পলিসি ম্যানেজার হাসিনা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। এসময় শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, সামাজিক সুরক্ষা, বাজেট বৃদ্ধি এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শিশু অধিকার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শিশুদের জন্য সংসদ অধিবেশন গ্যালারিতে বসে কার্যক্রম উপভোগের সুযোগ সৃষ্টির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশু অধিকার রক্ষায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে সক্ষম হবে।

সাক্ষাতে ইউনিসেফ প্রতিনিধিদল জানায়, শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাসহ ১০টি অগ্রাধিকারমূলক অধিকার বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে তারা সক্ষম হয়েছে। একই সঙ্গে তারা দেশের বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যরা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading