চীনকে বিপদে ফেলছেন ইলন মাস্ক!
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৬:০০
ইলন মাস্কের স্পেস-এক্স সংস্থার বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে চীন। চীনের অভিযোগ, সম্প্রতি ইলন মাস্কের মালিকাধীন স্পেস-এক্স সংস্থার উপগ্রহগুলি চিনের মহাকাশ স্টেশনের খুব কাছে চলে আসে। সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বাধ্য হয়েছিল বলেও এক বিবৃতিতে জানিয়েছে বেজিং।
ইউনাইটেড নেশন্স অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্স-এর কাছে চীনের জমা দেওয়া একটি নথি অনুসারে, ইলন মাস্কের স্পেস এক্স এরোস্পেস সংস্থার একটি বিভাগ স্টারলিংক ইন্টারনেট সার্ভিসের দু’টি উপগ্রহ ১ জুলাই এবং ২১ অক্টোবর চীনা মহাকাশ স্টেশনের খুব কাছাকাছি চলে আসে।
চীনের নথি বলেছে, ‘২০২১ সালের ১ জুলাই স্টারলিংক-১০৯৫ উপগ্রহটি, চীনা মহাকাশ স্টেশনের কাছাকাছি চলে আসে। নিরাপত্তার কারণে, চীনা স্পেস স্টেশন সেই দিন সন্ধ্যায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করে।’
এই নথিতে আরও বলা হয়েছে যে, স্পেস-এক্স সংস্থার স্টারলিংক-২৩০৫ স্যাটেলাইটটিও ২১ অক্টোবর চীনের স্পেস স্টেশনের কাছাকাছি চলে আসে। কক্ষপথে থাকা মহাকাশচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চীনা মহাকাশ স্টেশন, কৌশল করে সম্ভাব্য সংঘর্ষ এড়িয়েছে বলেও জানিয়েছে চীন।
ইউডি/ অনিক

