বিসিএলে ওয়ানডেতে খেলবেন তামিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ

বিসিএলে ওয়ানডেতে খেলবেন তামিম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ । আপডেট ১৯:৪৫

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে চার দিনের ম্যাচের সঙ্গে এবার থাকছে ওয়ানডেও। চার দিনের ম্যাচ না খেললেও ওয়ানডেতে খেলবেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমান।

এই তিন জনের ওয়ানডেতে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। বিসিএলের তৃতীয় রাউন্ডের খেলা দেখতে এখন চট্টগ্রামে অবস্থান করছেন তিনি। সেখান থেকে তিনি জানান, ‘৯ জানুয়ারি থেকে সিলেটে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এই ফরম্যাটে তামিম, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ খেলবে।’

তামিমকে ইসলামী ব্যাংক ইস্ট জোন এবারের আসরে রিটেইন করেছে। আর মাহমুদউল্লাহকে বিসিবি নর্থ জোন ও মোস্তাফিজকে দলে নিয়েছে বিসিবি সাউথ জোন।

বিসিএলে তৃতীয় রাউন্ডের খেলা আজ শেষ হলো। ২ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ফাইনাল হবে। এরপর ৯ জানুয়ারি থেকে ওয়ানডে শুরু হওয়ার কথা, যা সিলেটে হবে বলে জানিয়েছেন হাবিবুল।

গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষবার খেলেছেন তামিম। চোটের কারণে ছিলেন না ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজে। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক। এরপর গত ৬ অক্টোবর নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে আঘাত পান তামিম। কিন্তু ভুল চিকিৎসায় তার মাঠে ফেরা দেরি হয়। তামিমের আঙুলে দুটি চিড় ছিল। প্রথম এক্স-রেতে একটি ধরা পড়ে। সেই মোতাবেক চলে তার পুনর্বাসন। ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলনে ফিরেছে তামিম। এবার বিসিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তিনি।

এদিকে ইনজুরি কাটিয়ে মোস্তাফিজও ফিরছেন মাঠে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি মেরুদণ্ডে চোট পান। সুস্থ হয়ে তিনিও বল হাতে নেওয়ার অপেক্ষায়। আর মাহমুদউল্লাহ চার দিনের ম্যাচ না খেলে নিজের মতো করে অনুশীলন করে গেছেন। এবার বিসিএলে নিজেকে ঝালিয়ে নিবেন তিনি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading