করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি।

উত্তরদক্ষিণ । শনিবার, ১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৯:৪০

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে করোনা টিকার বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ আহ্বান জানান।

জাহিদ মালেক বলেন, ‘করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হলে সরকার লকডাউন দেওয়ার চিন্তা-ভাবনা করতে পারে। আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য সরকার আরও কঠোর হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ইতোমধ্যে করোনার প্রতিষেধক হিসেবে মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে, এই ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত মাঝামাঝি বয়সী ব্যক্তি, যাদের মৃদু সমস্যা আছে, তারা এ ট্যাবলেট সেবন করতে পারবেন।’

তিনি জানান, ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। দেশে টিকার অভাব নেই। ইতোমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। টিকা দেওয়ার জন্য আরও ৬ কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সস্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, পৌর মেয়র রমজান আলী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading