আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাফিজের অবসর
উত্তরদক্ষিণ । সোমবার, ৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১৩:০০
পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। তবে ৪১ বছর বয়সী তারকা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাফিজের। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালই হয়ে রইল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আগেই তিনি ঘোষণা দেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ তার শেষ টুর্নামেন্ট। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে এই বছর হয়।
৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টি খেলে ১২৭৮০ রান হাফিজের। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে টেস্ট থেকে অবসর নেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এই ফরম্যাটে উপেক্ষিত থেকেছেন তিনি, তার শেষ একদিনের ম্যাচ ছিল লর্ডসে বাংলাদেশের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হাফিজ। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দলকে তুলতে নেতৃত্ব দেন তিনি। ২০১৪ সালের বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন, কিন্তু গ্রুপেই বাদ পড়ে। অধিনায়ক হিসেবে তিনি ২৯ টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচ জিতেছেন এবং হেরেছেন ১১টি।
ইউডি/সুস্মিত

