শামীম ওসমান সংসদ সদস্য, মাঠে থাকলে আচরণবিধি লঙ্ঘন হবে: আইভী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫০
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার আস্থা সবসময় আমার জনগণ। উনি (শামীম ওসমান) কীভবে মাঠে থাকবেন। উনি একজন সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘন হবে তারা মাঠে থাকলে। আমি আবারও গণমাধ্যমের কাছে বলি আমার আস্থা সবসময় জনগণের প্রতি, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এর বাইরে আর কিছু বলতে চাই না। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে খানপুরে নির্বাচনী প্রচারণায় নেমে একথা বলেন তিনি।
এসময় আইভী বলেন, যেকোন প্রার্থীর ভেতরে শংকা থাকে। আমি তার বাইরে কেউ না। আমি অবশ্যই চাইবো নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর থাকুক। প্রশাসন যেন নিরপেক্ষ থাকে এ্যাক্টিভ থাকে। আমার ভোটাররা যেন ভোট দিতে যেতে পারে সে ব্যবস্থা যেন করা হয়। যে কোন প্রার্থী অভিযোগ জানাতে পারে। কিন্তু বিগত দিনের ইতিহাস নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ যতই টান টান থাকুক নির্বাচনের দিন এখানে সুষ্ঠু নির্বাচন হয়। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশাকরি এবারও সেই রকম পরিবেশ থাকবে।
তিনি আরও বলেন, আমি প্রচারণায় ব্যস্ত তাই সঠিক জানি না। তবে আমরাই তো বলি সব ধরনের অস্ত্রধারীদের গ্রেফতার করা হোক। শহরের মধ্যে যারা মাদক ব্যাবসায়ী যারা। বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদের গ্রেফতার করা হোক। এটা সব প্রার্থীরই চাওয়া থাকে। উনি (তৈমূর) বলে পরিবেশটা সুন্দর থাকুক, আমিও বলি পরিবেশটা সুন্দর থাকুক। আমি চাই এমন কোন ঘটনা যেন না ঘটে যার কারনে সমস্যা সৃষ্টি হয়। আমার নেতাকর্মীরা আমার সাথে আছে তার নেতাকর্মীরা তার সাথে থেকেই ভোট চাচ্ছে। কোথায় কী হয়েছে আমার জানা নেই।
শামীম ওসমানের ব্যাপারে তিনি বলেন, আমি বলিনি তারা আমার সাথে নেই। আমি সবসময় বলে এসেছি আমার সাথে আমার জনতা আছে। আমার দল যেহেতু আমাকে নমিনেশন দিয়েছে তাহলে নিশ্চয়ই দল আমার পাশে আছে। দলের ভেতর থেকে কে আসবে কে আসবে না সেটা আমার দেখার বিষয় না সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবে।
ইউডি/ সিফাত

