মানবদেহে বসল শূকরের হৃৎপিণ্ড

মানবদেহে বসল শূকরের হৃৎপিণ্ড

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫

বিশ্বে প্রথমবারের মত আমেরিকার এক নাগরিকের দেহে জিন বিন্যাস বদলে নেওয়া শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। বাল্টিমোরের ইউনিভার্সিট অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচারে ৫৭ বছর বয়সী ডেভিড বেনেটের দেহে পরীক্ষামূলকভাবে হৃৎপিণ্ডটি বসানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তিন দিন আগে ওই অস্ত্রোপচারের পর থেকে ভালোই আছেন বেনেট। সোমবার (১০ জানুয়ারি) থেকে নিজে থেকেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকরা শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনকেই ‘শেষ উপায়’ বিবেচনা করলেও দীর্ঘ মেয়াদে তিনি কেমন থাকবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।

অস্ত্রোপচারের পরের অবস্থা জানিয়ে সার্জন বার্টলে গ্রিফিথ বলেন, অত্যন্ত সতর্কাতার সঙ্গে বেনেটের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা মানব শরীরে এর আগে এটা করিনি এবং আমি মনে করি তিনি যে থেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন, আমরা তার চেয়ে ভালো কিছু তাকে দিয়েছি।

তবে প্রতিস্থাপন করা হৃৎপিণ্ড নিয়ে বেনেটের আয়ু কেমন হতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারছেন না এই চিকিৎসক।তিনি বলেন, তিনি কতোটা সময় পাবেন (বাঁচবেন)- একদিন, সপ্তাহ, মাস, না কি বছর, আমি জানি না। অবশ্য বেনেট হৃদযন্ত্র প্রতিস্থাপন নিয়ে আশাবাদীই ছিলেন। অস্ত্রোপচরের আগে তিনি বলেছিলেন, আমি আশা করছি, সুস্থ হয়ে আমি আবারও বিছানা ছাড়তে পারব।

হৃদযন্ত্রের গুরুতর রোগ ধরা পরার পর থেকে একটি যন্ত্রের সহায়তায় বাঁচিয়ে রাখা হয়েছিল বেনেটকে। অস্ত্রোপচারের আগে ছয় সপ্তাহ ধরে তিনি হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। চিকিৎসকরা সে সময় পরীক্ষা নিরীক্ষা করে বলেছিলেন, মানবদেহের হৃদপিণ্ড প্রতিস্থাপন করার মত শারীরিক অবস্থাও বেনেটের নেই। তখনই জিন বিন্যাস বদলে দেওয়া শূকরের হৃদপিণ্ড ব্যবহারের বিষয়টি আসে।

এর আগে গত অক্টোবরে প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনে সফলতা পাওয়ার কথা জানিয়েছিলেন আমেরিকার গবেষকরা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading