বিশ্বের সবচেয়ে দামি পানি

বিশ্বের সবচেয়ে দামি পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি ২০২২ । আপডেট ১১:৫০

পানি। এর অভাবে মানুষের টিকে থাক অসম্ভব। তাইতো বলা হয়, পানি অপর নাম জীবন। এমনকি এই পানির কারণে ভবিষ্যতে বিশ্বযুদ্ধ পর্যন্ত হতে পারে এমনটাও বলা হয়ে থাকে। যতোই অপরিহার্য হোক না কেন পানির দাম সাধারণত কমই থাকে। তাইতো কোন সস্তা জিনিসের দাম বোঝাতে বলা হয়- পানির দামে কেনা। কখনো কখনো এই পানির দামও বেড়ে যেতে পারে বহুগুণে। তাই বলে এতোটা!

কিছু পানির বিনিময়মূল্য বেশি হওয়ার কারণ স্রেফ বিক্রেতার ইচ্ছা যে, পণ্যটির গায়ে বিলাসিতার তকমা জড়ানো থাকুক। মূল্যের হিসাবে বিশ্বের শীর্ষ ৫টি পানির ব্র্যান্ড—

আকুয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো অ্যা মোডিগলিয়ানি
সবচেয়ে দামি বোতলজাত পানির তালিকায় প্রথমেই আছে ‘আকুয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো অ্যা মোডিগলিয়ানি’ ব্র্যান্ডটি। যার ৭৫০ মিলিলিটার পানির দাম ৬০ হাজার ডলার! বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৫১ লাখ ৪২ হাজার টাকারও বেশি। ফ্রান্স ও ফিজির প্রাকৃতিক ঝরনা এই ব্র্যান্ডের পানির উৎস।

প্রশ্ন হতে পারে, এত বেশি কেন হবে এক বোতল পানি। উত্তর হলো, পানির বোতলটি ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। ফলে দামের কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম লিখিয়েছে এই বোতলজাত পানি।

কোনা নিগারি ওয়াটার
সবচেয়ে দামি বোতলজাত পানির তালিকায় দ্বিতীয় স্থানে আছে জাপানি ব্র্যান্ড ‘কোনা নিগারি ওয়াটার’। ৭৫০ মিলিলিটার পানির দাম ৪০২ ডলার! বাংলাদেশি টাকায় যার মূল্যমান ৩৪ হাজার টাকারও বেশি।

হাওয়াই দ্বীপের ঝরনার পানি, যা সমুদ্রের দুই হাজার ফুট তলদেশ থেকে সংগ্রহ করা হয়। বলা হয়ে থাকে, নিয়মিত এই পানি পান করলে আপনার ওজন কমবে, ত্বকের গুণাগুণ বৃদ্ধি পাবে এবং আপনাকে শক্তি দেবে। উন্নত বিশ্বের বিত্তশালী স্বাস্থ্য সচেতনদের মধ্যে ‘কোনা নিগারি’ বেশ জনপ্রিয়।

ফিল্লিকো
যারা দাবা খেলতে ভালোবাসেন তারা হয়তো ‘ফিল্লিকো’ ব্র্যান্ডের পানির বোতলগুলো পছন্দ করবেন। কারণ রাজা-মন্ত্রীর আদলে অলংকারের নকশায় বোতলগুলো যে কারও নজর কাড়বে; যা দেখতে বেশ রাজকীয়ও বটে। আর এই ব্র্যান্ডটি আছে সবচেয়ে দামি বোতলজাত পানির তালিকার তৃতীয় স্থানে।

৭৫০ মিলিলিটারের এক বোতল পানির দাম ২১৯ ডলার বা ১৮ হাজার টাকার একটু বেশি। জাপানের কোবে শহরের বিখ্যাত একটি প্রাকৃতিক ঝরনা থেকে এই পানি সংগ্রহ করা হয়।

ব্লিং এইচ টু ও
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেনিসির গ্রেট স্মোকি মাউনটেনের ঝরনার পানি বোতলবন্দি হয়ে ‘ব্লিং এইচ টু ও’ নামে চলে আসে ভোক্তার হাতে। যার ৭৫০ মিলিলিটারের এক বোতল পানির দাম ৪০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন হাজার টাকা।

সবচেয়ে দামি বোতলজাত পানির চতুর্থ স্থানে থাকা ‘ব্লিং’-এর পানি ঝরনা থেকে সংগ্রহ করে ৯টি বিশুদ্ধকরণ ধাপ পেরিয়ে তারপরই বোতলে স্থান পায়। ফলে স্বাস্থ্য সচেতনদের মধ্যে পুরস্কারজয়ী এই ব্র্যান্ডের পানির বেশ কদর লক্ষ্য করা যায়।

ভেন
ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় বৃহত্তম অঞ্চল ল্যাপলন্ডের বরফ আচ্ছাদিত মেরু এলাকার কোনিসাজো প্রাকৃতিক ঝরনার পানি বোতলজাতের পরে নাম দেওয়া হয়েছে ভেন। সবচেয়ে দামি বোতলজাত পানির তালিকায় পঞ্চম স্থানে থাকা ভেনের এক বোতল তথা ৭৫০ মিলিলিটারের দাম ২৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা।

পৃথিবীর সেরা স্বাদের বিশুদ্ধতম পানির তালিকায় প্রথম সারিতে থাকা ‘ভেন’ পান করলে এটা শুধু আপনার তৃষ্ণাই মেটাবে না বরং বরফ মাখা প্রকৃতির ছোঁয়া দেবে মনে-প্রাণে।

ইউডি/ অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading