সাকিবকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জানুয়ারি ২০২২ । আপডেট ১৬:১০
গতকাল আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়াদ। আজ সোমবার আইসিসি ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম। সেখানেও বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রিজওয়ানের সতীর্থ।
বাংলাদেশের সাকিব আল হাসান, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে পেছনে ফেলে ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
মারকুটে এই ব্যাটসম্যান আইসিসির বর্ষসেরা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়কও নির্বাচিত হয়েছেন।
বাবর আজম ২০২১ সালে মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান। তাতে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেন। যেখানে দুটি সেঞ্চুরি ছিল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাবর আজম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। রান করেছিলেন ২২৮টি। পাকিস্তান ২-১ ব্যবধানে সিরিজে জিতেছিল। যে দুটি ম্যাচ পাকিস্তান জিতেছিল, দুটিতেই বাবর হয়েছিলেন ম্যাচসেরা।
এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ হারে। কিন্তু নিঃসঙ্গ শেরপার মতো ইংল্যান্ডের বিপক্ষে একাই লড়াই করেন বাবর। তিন ম্যাচে করেন ১৭৭ রান।
ইউডি/সুস্মিত

