আক্রান্ত হওয়ার এক বছর পরও করোনা পরবর্তী উপসর্গ থাকে: আইইডিসিআর

আক্রান্ত হওয়ার এক বছর পরও করোনা পরবর্তী উপসর্গ থাকে: আইইডিসিআর

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২ । আপডেট ১৮:৫৫

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার এক বছর পরও করোনা পরবর্তী উপসর্গ দেখা যেতে পারে। আর অসংক্রামক রোগীদের করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার ঝুঁকি দুই থেকে তিন গুণ। এক গবেষণা শেষে এসব কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসির সহযোগিতায় আইইডিসিআরের ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম (এফইটিপি-বি) কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রাথমিক উপসর্গ পরবর্তী জটিলতাগুলো নিয়ে গবেষণা করেছে। তবে কবে থেকে এবং কতজন রোগীর ওপর এই গবেষণা পরিচালিত হয়েছে তা জানায়নি আইডিসিআর।

অনেক করোনা আক্রান্ত রোগী সংক্রমণের পরবর্তী সময়ে বিভিন্ন উপসর্গে ভুগে থাকেন যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ পরবর্তী উপসর্গ বা পোস্ট কোভিড কন্ডিশনস বলছে। গবেষণার প্রাথমিক তথ্য পর্যালোচনা করে আইইডিসিআর তাদের ওয়েবসাইটে এসব তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, কোভিড আক্রান্ত হওয়ার ৩ মাস পর ৭৮ শতাংশ মানুষের শরীরে উপসর্গ দেখা গেছে। এছাড়া ৬ মাস পর ৭০ শতাংশ, ৯ মাস পর ৬৮ শতাংশ এবং এক বছর পর ৪৫ শতাংশ মানুষের শরীরে কোভিড-১৯ পরবর্তী উপসর্গ দেখা গেছে।

গবেষণার বরাত দিয়ে আইইডিসিআর বলছে, অসংক্রামক রোগ-উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোভিড পরবর্তী উপসর্গের আশঙ্কা দুই থেকে তিন গুণ বেশি। এতে প্রতীয়মাণ হয় যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কোভিড পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়া কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি।

আইইডিসিআর জানিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের মধ্যে যারা নিয়মিত ওষুধ সেবন করছেন তাদের কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা যারা ওষুধ সেবন করেন তাদের তুলনায় নয় ভাগ পর্যন্ত কমে যায়। একইভাবে ডায়াবেটিস রোগীদের মধ্যে নিয়মিত ওষুধ সেবনকারী কোভিড-১৯ পরবর্তী উপসর্গে আক্রান্ত হওয়ার আশঙ্কা যারা ওষুধ সেবন করেন না তাদের তুলনায় প্রায় ৭ ভাগ কমে যায়।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading